২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে ১৯ অক্টোবর জ্বালানী মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ ক্ষতিপূরণ আদায় করে এশিয়া অ্যানার্জিকে বিতাড়ন ও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছেন, জোট সরকার শুধু দুঃশাসনের সরকার নয়, এরা চুক্তি খেলাপি মোনাফেক সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 10:12 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ফুলবাড়ীর জনগণের রক্তের অক্ষরে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়ন না করলে দেশবাসী চুক্তি খেলাপিদের ক্ষমা করবে না। ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে ১৯ অক্টোবর জ্বালানী মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেন নেতৃবৃন্দ।

রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম সেলিম, টিপু বিশ্বাস, রুহিন হোসেন প্রিন্স,বজলুর রশীদ ফিরোজ,মোশরেফা মিশু,জোনায়েদ সাকী, রাগিব আহসান মুন্না, শওকত হোসেন মাহমুদ ও জালাল সরদার।

সমাবেশে নেতৃবৃন্দ এ পর্যন্ত জ্বালানী খাতে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী অসম সব চুক্তি বাতিল ও এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, বিদেশী কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যস্ত এই লোক কিভাবে রাষ্ট্রের দায়িত্বে থাকে তা দেশবাসী জানতে চায়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ--মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।