রাবিতে ছাত্রদল সমর্থক ছিনতাইকারীদের মারধরে গুরুতর আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সমর্থক ছিনতাইকারীদের প্রতিরোধ করতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়েছেন একই দলের দুই কর্মী।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় আহত সিরাজুল ইসলাম ও নাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।
সূত্র জানায়, ছাত্রদল ক্যাডার শোভন, মানিক ও রাতুলের নেতৃত্বে একটি দল বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে তিনটি মোবাইল ছিনতাই করে। ছাত্রদলের কয়েকজন বৃহস্পতিবার ছিনতাইকারীদের সাথে কথা বলতে গেলে কথা কাটাকাটি হয়। তবে সিনিয়র নেতাদের বাধার মুখে উভয় পক্ষ শান্ত হয়ে যায়। এ ঘটনার পর ছিনতাইকারীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সামনে লোহার রড ও হাতুড়ি দিয়ে প্রতিরোধকারীদের মধ্যে দুজনকে বেধড়ক মারধর করে।
তবে ছাত্রদলের একটি অংশ দাবি করেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান সরকার লিখন জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি বলেছি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। প্রশাসন ব্যবস্থা নিলে ছাত্রদলও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’
এ ব্যাপারে প্রক্টর ড. এনামূল হক বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। যথা শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
