ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনার জাকারিয়ার বাড়িতে হামলা, গ্রেপ্তার ১, আপডেট
ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার যুবলীগের একটি মিছিল থেকে নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার বাসায় হামলা চালানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আজাদ চৌধুরী নামে যুবলীগের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগ দুপুর সাড়ে তিনটার দিকে শহরের কোর্ট রোডে এক সমাবেশের আয়োজন করে। জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিকেল পৌণে চারটার দিকে দলের নেতা--কর্মীরা বৈঠা-লগিসহ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজীপাড়ায় স ম জাকারিয়ার বাড়ি ‘সৈয়দ মঞ্জিলে’ হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বাসার দরজা, জানালা, এসিসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে ওই ঘটনার সময় পুলিশ বা আইন--শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল তরফদার জানান, ঘটনার পরপরই নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
