২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা কমেছে: বিশ্ব ব্যাংক

দুর্যোগপূর্ব সতর্কতামূলক ও দুর্যোগকালীন প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হওয়ায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মৃতের সংখ্যা কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বুধবার প্রকাশিত বিশ্ব ব্যাংক ও মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা: কয়েকটি উদাহরণ (নেচারাল ডিজাসটার হটস্পটস: কেস স্টাডি)’ শীর্ষক এক প্রতিবেদনে একথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, সামুদ্রিক ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট প্রভাবের মাত্র একটি দিক হলো আবহাওয়ামণ্ডলীয় চাপ ও তৎসংলগ্ন বায়ুর তারতম্যের কারণে সমুদ্রপৃষ্ঠে পরিবর্তন। অথচ এসব কারণেই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, গত দুই শতকে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ছিল কয়েক লাখ। এদের বাস ছিল মূলত এশিয়ায় এবং বিশেষভাবে বাংলাদেশে। তবে বাংলাদেশের ব্যাপারে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওই প্রতিবেদনে ২০০৫ সালকে রেকর্ড সংখ্যক প্রাকৃতিক দুর্যোগ সংশ্লিষ্ট ঘটনার জন্য আলাদা করে চিহ্নিত করা হয়। ওই সময় সারা বিশ্বে ৩৬০টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছিল ৯০ হাজারেরও বেশি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ১৫ কোটি জীবন। আর আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ১৫ হাজার ৯০০ কোটি ডলার। এই পরিমাণ আগের বছরের তুলনায় ৭১ শতাংশ বেশি। ২০০৪ সালে ক্ষতির পরিমাণ ছিল নয় হাজার ৩০০ কোটি ডলার।

বিশ্ব ব্যাংক ও মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা: বিশ্বব্যাপী ঝুঁকি বিশ্লেষণ (নেচারাল ডিজাসটার হটস্পটস: এ গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস)’ শীর্ষক আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তারই সূত্র ধরে এবারের প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিশ্ব ব্যাংকের টেকসই উন্নয়ন শীর্ষক বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন সিয়েরা বলেন, ‘পরিবর্তিত আর্থ--সামাজিক প্রেক্ষাপট, সমুদ্র উপকূলীয় জমির ব্যবহার ও জলবায়ুজনিত ঝুঁকির কারণে ২১ শতকেও প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রভাব অব্যাহত থাকবে।’

তবে প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাব, দ্রুত শহরায়ন, পরিবেশগত ভারসাম্যহীনতা ও জলবায়ুর পরিবর্তনের মতো বিষয়গুলো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া না গেলে এ অবস্থা অব্যাহত থাকবে বলে প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়।

ওই প্রতিবেদনে বিশ্ব ব্যাংক প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের সরকারগুলোকে দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানায়।