২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় ৯ জেলেকে হত্যার দুই মাস পর ২ জন গ্রেপ্তার

‘দুইমাস আগে আমরা ১৫ জন জেলে ট্রলারে করে মাছ শিকারে যাই। এক পর্যায়ে কক্সবাজার এলাকায় সাগরে কিবরিয়া ও আমরা ছয় সহযোগী মিলে মনির, হাবিব, রবিন, আসলাম, শরীফ, বাবুল ও আরও দুইজনকে বরফ ভাঙ্গার কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে সাগরে ভাসিয়ে দেই। প্রায় একমাস পর পুনরায় মহিপুর সংলগ্ন আন্ধার মানিক মোহনায় শ্বাসরোধ করে হত্যা করি রাজ্জাককে। হত্যার পর রাজ্জাকের পেট ফুটো করে নদীতে ভাসিয়ে দেই।’

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এভাবেই নৃশংস হত্যাকাণ্ডের কথা অকপটে জানায় হত্যাকারীদের একজন মাছ বিক্রেতা ছানি ওরফে লিটন।

মঙ্গলবার রাতে মৎস্য বন্দর মহীপুরের বাজারে মাছ বিক্রির সময় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে লোকজনকে ঘটনাটি বলে দেয় ওই মাছ বিক্রেতা। পরে স্থানীয় লোকজন ছানি (২৮) ও গোলাম কিবরিয়াকে(৩৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

কিবরিয়ার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আর্তিকতলা গ্রামে। ছানির বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার কুশরডাঙ্গা গ্রামে। 

পুলিশ জানিয়েছে, এদের সহযোগী ঝুনু, রশিদ, ফারুক, হানিফ ও জালালকে আটক করতে পারলে মূল রহস্য বের হয়ে আসবে। গ্রেপ্তারকৃত দুইজনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালত বন্ধ থাকায় তাদের জেল হাজতেই রাখা হয়েছে।