আবারও নির্বাচিত হলে পার্বত্য সমস্যার সমাধান করা হবে: খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামের সব সমস্যার সমাধান করবেন।
তিনি পার্বত্য জেলায় ডিজিটাল টেলিফোন স্থাপন এবং জজ কোর্ট চালুর আশ্বাস দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আসার আহবান জানান।
বুধবার একদিনের সফরে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন।
আগামী নির্বাচনে খাগড়াছড়ি সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়ার হাতে ধানের শীষের তোড়া তুলে দিয়ে পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী খাগড়াছড়ি সফরে এসে মোট ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।
এর মধ্যে তিন কোটি ৫৬ লাখ টাকার প্রকল্প পর্যটন মোটেল, চার কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্র, খাগড়াছড়ি গেটওয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য ও গণপূর্ত অধিদপ্তরের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
বিগত পাঁচ বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিএনপি, জামায়াত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছরে এখানে বিএনপি সরকার পর্যটন মোটেল, টাউন হল, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, আধুনিক হাসপাতাল, সেতু, সড়ক, কালভার্ট, প্রাইমারি স্কুল, মাদ্রাসা নির্মাণ করেছে।
আগামী নির্বাচনেও বিএনপি সরকার গঠন করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন খালেদা জিয়া।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া এমপির সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন এমপি, খাগড়াছড়ি পৌর চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।
সমাবেশে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জেলাবাসীর পক্ষ থেকে পার্বত্য চট্রগামে জজ কোর্ট, মোবাইল নেটওয়ার্ক চালু, বন সম্পদ আহরণ ও বিক্রয়ে সহজ শর্তারোপ, মহিলা কলেজ সরকারীকরণ, ডাক ব্যবস্থার উন্নয়ন এবং উপজেলা পর্যায়ে ডিজিটাল এক্সচেঞ্জ চালুর দাবী জানান।
