২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে রেল ধর্মঘট অব্যাহত

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের ডাকে বুধবার দেশব্যাপী রেল ধর্মঘট পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

চার দফা দাবীর মধ্যে উলে¬খযোগ্য হচ্ছে রেলকে কর্পোরেটাইজেশন করা যাবে না এবং রেলের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।

বিশ্বব্যাংক ও এডিবির পরামর্শ অনুযায়ী রেল সেক্টরকে কখনও কর্পোরেশন, কখনও কর্পোরেট এনটিটি, কখনও লাইনস অব বিজনেস ইত্যাদির সঙ্গে হোল্ডিং কোম্পানি করাসহ ব্যক্তিমালিকানায় হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে সকাল ৬ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদেশে রেল ধর্মঘটের এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় রেলওয়ের ১০টি সংগঠন।

সংগঠনগুলো গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কে এম এ রবের কাছে পাঠানো এক চিঠিতে এই কর্মসূচির কথা জানায়। চিঠির একটি কপি যোগাযোগ মন্ত্রণালয়েও পাঠানো হয়।

সংগঠনগুলো হচ্ছে রেলওয়ে শ্রমিক দল, রেলওয়ে শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে কারিগরী পরিষদ, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক পার্টি, রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক জোট এবং রেলওয়ে এমপ্ল¬য়িজ লীগ। 

বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর ওপর দিয়ে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিষদের নেতাকর্মীরা সকাল সাতটায় মিছিল বের করে এবং কন্ট্রোল রুমসহ রেল স্টেশনের সকল অফিসে তালা ঝুলিয়ে দেয়। ফলে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা দুটি ট্রেন যথাক্রমে পাঁচুরিয়া রেলওয়ে স্টেশনের কাছে এবং রাজবাড়ী রেল স্টেশনে আটকে যায়। এতে বিভিন্ন স্টেশনে অপেক্ষমান যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।

বিডিনিউজ এর রাজশাহী প্রতিনিধি জানান, বুধবার সকাল থেকে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। আবার রাজশাহী রেল স্টেশনে কোন ট্রেন প্রবেশও করেনি। ধর্মঘটের সমর্থনে সকালে সংগ্রাম পরিষদের নেতারা পশ্চিমাঞ্চল রেলওয়ে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা রেলওয়ে ইনস্টিটিউট প্রাঙ্গনে মিছিল সমাবেশ করে।

রেলওয়ে শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের নেতারা সমাবেশে তাদের ৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোক্তাদির, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন, রেলওয়ে শ্রমিক জোটের সভাপতি ফারুক আলম, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ সিংহ, রেলওয়ে শ্রমিক লীগের ফিরোজ আহম্মেদ, রেলওয়ে শ্রমিক দলের একাংশের নেতা আলতাফ হোসেন প্রমুখ।

রেলওয়ে পশ্চিমাঞ্চল সূত্রে জানা যায়, রেলওয়ে শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটের ফলে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কসপ, পাকশী ও লালমনিরহাট  বিভাগীয় অফিস ও পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজারের অফিসের সকল কার্যক্রম বন্ধ ছিল। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন স্টেশনে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো আটকা পড়ে। যাত্রীদের চরম দুর্ভোগে পড়ে। 

এদিকে রেলওয়ে শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটকে সমর্থন দেয়নি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি দল। শ্রমিক কর্মচারি দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল আলম জানান, যোগাযোগ মন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসু হওয়ায় তারা ধর্মঘটে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।

বিডিনিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ঢাকা - চট্টগ্রাম, ঢাকা - সিলেট ও ঢাকা - নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা ও চট্টগ্রামগামী পাঁচটি ট্রেন আখাউড়া, আজমপুর ও মুকুন্দপুর রেল স্টেশনে আটকা পড়ে আছে।

এছাড়া সকালে ধর্মঘট সমর্থক শ্রমিক কর্মচারীরা আখাউড়া রেল কেবিন ভবনে তালা ঝুলিয়ে দিতে গেলে ধর্মঘট বিরোধীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পর থেকে আখাউড়া জংশনে উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া ধর্মঘট সমর্থকরা রেল লাইনের উপর পাথর দিয়ে অবরোধ সৃষ্টি করেছে।