২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট একদিনের মাথায় প্রত্যাহার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবারের ঘটনার প্রতিবাদে ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ক্যাম্পাসে ছাত্রলীগ - ছাত্রদল সংঘর্ষের সময় পুলিশী হামলার প্রতিবাদে ছাত্রদল সোমবার সন্ধ্যায় জড়িত পুলিশের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের অনির্দ্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার সকালে ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে সারাদিন বিশ্ববিদ্যালয় অচল করে রাখে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের টানা দুই ঘন্টা সমঝোতা বৈঠকের পর হামলায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর মজিবুর রহমানকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সন্ধ্যা পৌণে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশাররফ হোসেন মিয়া ছাত্রদের এ সিদ্ধান্তের কথা জানালে ছাত্রদলের নেতারা তাৎক্ষণিকভাবে ধর্মঘট প্রত্যাহার করে নেন। ভিসি এসময় পুলিশী হামলার ঘটনাকে ‘দুঃখজনক ও ভুল বুঝাবুঝি’ বলে অভিহিত করেন।

তবে ছাত্রলীগ দাবি করেছে পুরো ঘটনাই ছিল ছাত্রদল ও প্রশাসনের সাজানো। ছাত্রলীগের সভাপতি সরোয়ার মুর্শিদ ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামার রয়েল টেলিফোনে বিডিনিউজকে জানান, প্রশাসন ক্যাম্পাস ও হলে ছাত্রলীগের সহাবস্থান নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।

এর আগে ছাত্রলীগ ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ছাত্রদলের সাথে সহাবস্থান করার ইচ্ছা পোষণ করে। এ সময় বিগত পাঁচ বছরে হলের বিভিন্ন কক্ষ থেকে যেসব ছাত্রলীগ কর্মীকে বিতাড়িত করা হয়েছিল তাদের আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। 

উল্লেখ্য রোববার রাতে আশরাফুল হলে ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগের হুমকি দেওয়ার জের ধরে পরবর্তিতে তারা ছাত্রলীগের দখলে থাকা চারটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ওই সময় ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রলীগের দুই কর্মীকে মারধরও করে। ওই ঘটনার পর সোমবার ক্যাম্পাসে সংঘর্ষ ছড়িয়ে পড়লে উভয়পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়। এছাড়া পরিস্থিতি শান্ত করতে পুলিশ ছাত্রদের লাঠিপেটা করে ও রাবার বুলেট ছোঁড়ে। এতে দুই ছাত্র গুলিবিদ্ধ হয়।