যশোর--নড়াইল রুটে বাস ধর্মঘট অব্যাহত
শ্যালো ইঞ্জিন চালিত ভ্যানগাড়ি নসিমনে যাত্রী নেওয়াকে কেন্দ্র করে নসিমন ও বাস চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে সোমবার বিকেল থেকে যশোর - নড়াইল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নসিমনে যাত্রী পরিবহন করে আসছিল। গত শুক্রবার যাত্রী ওঠানোকে কেন্দ্র করে নসিমন ও বাস চালকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় বাস শ্রমিকরা থানায় একটি মামলা দায়ের করে।
সোমবার বিকেল থেকে বাস শ্রমিকরা নসিমন চলাচল বন্ধ এবং মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে যশোর - নড়াইল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এর ফলে হাজার হাজার যাত্রীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার বিকেলেও এ ধর্মঘট অব্যাহত ছিল।
নড়াইল বাস শ্রমিক ও মালিক সমিতি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তাদের দাবি না মানলে বুধবার সকাল থেকে লাগাতার ধর্মঘট ঘোষণা করা হবে।
