পলিটেকনিক ইনস্টিটিউটের ৮ ছাত্রের বিরুদ্ধে অধ্যক্ষের এজাহার দায়ের
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের ভিপির নেতৃত্বে হামলার ঘটনায় আট ছাত্রকে অভিযুক্ত করে সোমবার কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন অধ্যক্ষ ফরিদউদ্দিন আহমেদ।
এজাহারে বলা হয়, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষক পরিষদের সভা চলাকালে ছাত্র সংসদের ভিপি সৈয়দ আননান হোসেন অনুর নেতৃত্বে মো. শরীফ হাসান, রফিকুল ইসলাম সোহাগ, এসএম নূরুল আমীন বাপ্পী, হাসান সুমন, কেএম হাবিবুল্লাহ, মো. জাকির হোসেন ও আশিক ব্যাপারী হটাৎ করে কলেজ অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে অধ্যক্ষ, শিক্ষক ও বেশ কয়েকজন কর্মচারীকে শারিরীকভাবে লাঞ্ছিত করে এবং অফিস কক্ষের ফ্যাক্স, ফোন, চেয়ার--টেবিলসহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।
অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে বলে অধ্যক্ষ জানান।
এ প্রসঙ্গে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী তরিকুল ইসলাম জানান, এজাহারের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনার পর শিক্ষক পরিষদ শনিবার রাতে জরুরি সভা করে রোববার থেকে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়। রোববার সকালে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রাবাস থেকে ছাত্রদের জোর করে বের করে দেয়।
ছাত্র--ছাত্রী ও শিক্ষকরা জানান, শনিবার সন্ত্রাসীদের হাতে এক ছাত্রের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের লাঞ্ছিত করে ও ব্যাপক ভাঙচুর চালায়।
