২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কোটি টাকার ব্যাংক জালিয়াতি মামলায় একজন গ্রেফতার

আইএফআইসি ব্যাংক মতিঝিল শাখার এক কোটি ৪৭ লাখ টাকা জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগম মনা (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ঢাকা সিটি জোন (পূর্ব) গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. কামালউদ্দিন ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শহরের আলীপুর থেকে সোমবার তাকে গ্রেফতার করেন।

জানা যায়, ফরিদপুর শহরের অম্বিকাপুর এলাকার নুরুজ্জামান ২০০০ সালে আইএফআইসি ব্যাংক মতিঝিল শাখায় কর্মরত থাকা অবস্থায় আইসিডি ইউনিট সার্টিফিকেটের এক কোটি ৪৭ লাখ টাকা জালিয়াতি করেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মতিঝিল থানা পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। কিন্তু ঢাকা ডিভিশনাল স্পেশাল জজ আদালত এত বিশাল অংকের টাকা নুরুজ্জামানের একার পক্ষে জালিয়াতি করা সম্ভব নয় বলে এক আদেশে জানান। এ আদেশ জারির পর মামলার বিচার কার্যক্রম স্থগিত করে মামলাটি সিআইডিতে পাঠানো হয়।

সিআইডি পুলিশ পরিদর্শক কামালউদ্দিন জানান, তদন্ত করে ঢাকা শহরের বিভিন্ন ব্যাংকে মোট ১৯ টি একাউন্টের সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে নুরুজ্জামানের অন্যতম সহযোগী মাহফুজুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এসব একাউন্টের মাধ্যমে জালিয়াতির ৯০ লাখ টাকা বেহাত হয়।

এ ছাড়া গ্রেফতারকৃত হাসিনা বেগমের মতিঝিল বি ওয়াপদা অগ্রণী ব্যাংকের শাখা থেকে ট্রান্সফার করা একাউন্টটি রাজবাড়ী জেলার কালুখালী অগ্রণী ব্যাংক থেকে সিল করা হয়। এই একাউন্টে জালিয়াতির পাঁচ লাখ টাকা জব্দ করা হয়।