২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সাংসদের গাড়ি বহরে বোমা হামলা, পুলিশসহ আহত ১০

কুষ্টিয়া - ২ আসনের সাংসদ জেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলামের গাড়ি বহরে তার দলেরই বিক্ষুদ্ধ নেতা-কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বিস্ফোরণে উপজেলা বিএনপি সভাপতি মিরপুর পৌরসভার চেয়ারম্যান ফারুক চৌধুরীর গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় সাংসদ শহীদুল রক্ষা পেলেও তার অন্তত: ১০ নেতা-কর্মী ও পুলিশ কনস্টেবল দীনেশ রায় বোমার ¯িপ্রন্টারে গুরুতর আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা পৌণে ৬টার দিকে জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বামনগাড়ি ভেদামারী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

সাংসদ শহীদুল অভিযোগ করেন, স্ব-ঘোষিত বিএনপি নেতা এম এ খালেকের ভাগ্নে তৌহিদের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা তার গাড়িবহরে এ হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, গত দু’ বছরে খালেকের লোকজন অন্তত: ২০ বার তার উপর হামলা চালিয়েছে। পুলিশকে বার বার বলার পরও তারা কোন ভূমিকা পালন করেনি বলেও তিনি আক্ষেপ করেন।

তবে সাংসদ শহীদুলের প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি এম এ খালেক এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, দীর্ঘদিনের অত্যাচার নির্যাতন সহ্য করে এখন ক্ষোভে ফুঁসে উঠেছে মিরপুর ভেড়ামারার লোকজনসহ দলীয় নেতা-কর্মী। বিক্ষুদ্ধ বিএনপি নেতা-কর্মী ও সাধারণ লোকজনই অতীষ্ঠ হয়ে এ হামলা চালিয়েছে।

এদিকে এলাকাবাসী বলছেন, মনোনয়ন নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারই বহিঃপ্রকাশ আজকের এ হামলা।

জানা গেছে, সাংসদ শহীদ রোববার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে বাড়ি ফিরছিলেন। বিকেল পৌণে ৬টার দিকে ভেদামারী মোড়ে পৌঁছালে বিক্ষুদ্ধ লোকজন তার গাড়ি বহরে হামলা চালায়। বোমা ও ইট - পাটকেল নিক্ষেপ করে। এতে যুবদল কর্মী আল্লেক, লুৎফর, মোস্তফা, পথচারী রাহাত, মানিক ও রেহানা এবং পুলিশ কনস্টেবল দীনেশ চাকমা আহত হয়। পরে শহীদুলের কর্মীরা স্থানীয় নবী ইসলামের বাড়িতে ঢুকে ব্যাপক মারধর ও ভাঙচুর করে।

এ ঘটনায় কুষ্টিয়ার পুলিশ সুপার মাহমুদুর রহমানের সঙ্গে ঢাকা থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার খবরের সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।