বাঁশখালীতে দুই ডাকাতকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রোববার ভোররাতে ডাকাতির চেষ্টাকালে জনতা দুই ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে।
উপজেলার চম্বল গ্রামে শনিবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছুঁড়লে ১০ জন গ্রামবাসী হয়। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন রাতে বাড়ি ফেরার পথে ১২ থেকে ১৫ জনের একটি দলকে ডাকাতি করার পরিকল্পনা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। ডাকাতরা এসময় তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলির শব্দে গ্রামবাসী ছুটে এসে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে।
গ্রামবাসীর পিটুনিতে ডাকাত দলের সদস্য মাহমুদুল ইসলাম এবং জমির ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুই ডাকাত মোস্তাক আহমেদ ও সৈয়দ মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়।
পরে পুলিশ আরও চার ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোর্শেদ আহমেদ, জাকের, হারুন এবং অজ্ঞাত একজন।
আহত গ্রামবাসী নিজামুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাঁশখালী উপজেলার সদনপুর গ্রামে এর আগে ১০ সেপ্টেম্বর গ্রামবাসী দুই ডাকাতকে পিটিয়ে হত্যা করে।
