২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তদের কবলে পড়ে সংজ্ঞাহীন ওসির মোবাইল ফোন খোয়া গেছে

কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান দুর্বৃত্তদের কবলে পড়ে শনিবার সন্ধ্যা থেকে ২০ ঘন্টা সংজ্ঞাহীন ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 03:31 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

রামু থেকে বাসযোগে ঢাকা আসার পথে মাহবুবকে অচেতন করে দুর্বৃত্তরা মোবাইল ফোনটিও নিয়ে গেছে। ঘটনার পর সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টার থেকে পুলিশ মাহবুবকে উদ্ধার করে শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সেখানে কয়েকবার পাকস্থলি পরিস্কার করানো হলেও রোববার দুপুরে মাহবুবের সংজ্ঞা ফিরে আসে।

পুলিশ ও সোহাগ পরিবহন এর কর্মচারী সূত্রে জানা গেছে, ওসি মাহবুব শনিবার বেলা আড়াইটায় রামু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মাঝে কুমিল্লার চৌদ্দগ্রামে তিনি ইফতারও করেন। কিন্তু মালিবাগ কাউন্টারে গাড়ি থামলে সব যাত্রী নেমে যাওয়ার পর পরিবহন কর্মচারীরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় পায়। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে এবং রামু থানার ওসি হিসেবে তাকে সনাক্ত করে।

খিলগাঁও থানার ওসি আবুল বাশার জানান, ক্লোরোফর্ম জাতীয় কিছূর সাহায্যে তাকে অজ্ঞান করা হতে পারে। তবে একটি মোবাইল ফোন ছাড়া আর কিছুই খোয়া যায়নি বলে তিনি জানান।