রাবিতে আধুনিক ছাপার মেশিনের অভাবে বিভিন্ন বর্ষের ফলাফল অপ্রকাশিত থেকে যাচ্ছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় আধুনিক মেশিনের অভাবে ১৩টি বিভাগের প্রায় ২৫টি বর্ষের ফলাফল অপ্রকাশিত থেকে যাচ্ছে। সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলেও কেবল টেব্যুলেশন শিটের কারণে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রাবির ছাপাখানা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ছাপার কাজ করা হয়। অথচ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৩ বছর পেরিয়ে গেলেও সেখানে এখনও পুরনো মেশিনটিই ব্যবহার করা হচ্ছে।
এ প্রসঙ্গে রাবি ছাপাখানার সিনিয়র প্রেস ম্যানেজার খন্দকার মোজাম্মেল হক জানান, পুরনো আমলের মেশিনটি দিয়ে একটি বিভাগের একটি বর্ষের টেব্যুলেশন শিট তৈরি করতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ৪৬টি বিভাগের বিভিন্ন বর্ষের টেব্যুলেশন শিট তৈরি করা খুবই কষ্টসাধ্য ও সময়সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
রাবি ছাপাখানার প্রশাসক নূরুল কাইয়ুম অসুস্থ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাবি পরীক্ষা নিয়ন্ত্রক ড. আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রযুক্তির যুগেও কেবলমাত্র কম্পিউটারাইজড মেশিনের কারণে ছাপাখানার এ সমস্যা দেখা দিয়েছে। তিনি নতুন মেশিন কেনার জন্য কর্তৃপক্ষকে জানাবেন বলেও সাংবাদিকদের জানান।
উল্লেখ্য, প্রায় দুই মাস আগে ইতিহাস, ইংরেজি, পপুলেশন সায়েন্স, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, নৃ--বিজ্ঞানসহ ১৩টি বিভাগের ফলাফল অনানুষ্ঠানিকভাবে প্রকাশ এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দেওয়া হয়। কিন্তু কেবল টেব্যুলেশন শিটের কারণে তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে ভর্তির ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে, তেমনি সেশন জটেরও আশংকা দেখা দিয়েছে। আর এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
