২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের পাশাপাশি আন্দোলন চলবে: হাসিনা

নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক ব্যবস্থার সংস্কার নিয়ে সংলাপের পাশাপাশি অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে কার্য নির্বাহী কমিটির এক তাৎক্ষনিক সভায় বিচারপতি কেএম হাসান এর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার বিরুদ্ধে আবারো জোরালো অবস্থানের কথা জানালেন শেখ হাসিনা। কে এম হাসান প্রধান উপদেষ্টা হলে আগের ঘোষণা অনুযায়ী যার যা কিছু আছে তাই নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা কর্মসূচি সফল করার আহবান জানালেন শেখ হাসিনা। 

শেখ হাসিনা আরো বলেন যে, ‘আমরা সংলাপের সাফল্য কামনা করি। আমাদের অবস্থান পরিষ্কার। তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আমরা কখনই একজন দলীয় ব্যক্তিকে মেনে নেবনা।’

এই সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে- এ আশা জানিয়ে হাসিনা বলেন, ‘আমি আশা করি সংলাপের মাধ্যমে শুভ চিন্তার উদয় হবে এবং সমস্যার সমাধান হবে’।

তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের জন্য সংলাপের নামে  কালক্ষেপণ দেশের জনগণ মেনে নেবেনা।

কার্য নির্বাহী কমিটির তাৎক্ষণিক সভার কারণ উল্লেখ করে আওয়ামীলীগ প্রধান বলেন, ‘জোট সরকারের ক্ষমতা শেষে কেএম হাসানের কাছে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা ঠেকাতে আয়োজিত পদযাত্রা কর্মসূচি সফল করতেই এ জরুরি বৈঠক ডাকা হয়েছে।’