বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ড, ১০৫টি দোকান পুড়ে ছাই
থানচি উপজেলার থানচি বাজারে শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক দোকানঘর পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে একটি চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান রনি মারমা জানান, রমজান ও হিন্দু বৌদ্ধদের ধর্মীয় উৎসব থাকায় তখনও বাজারের অনেক ব্যবসায়ী দোকানে যাননি। ফলে মুহূর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে।
তিনি আরো জানান, বাজারের অধিকাংশ দোকান বাঁশ ও টিনের তৈরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
থানচিতে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভানোও সম্ভব হয়নি।
বাজারের ব্যবসায়ী জাবেদ জানায়, প্রায় সোয়া এক ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে। এতে বাজারের ১০৫টি দোকানের সব কটি পড়ে ছাই হয়ে যায়।
তবে অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভয়াবহ এই অগ্নিকান্ডে একসাথে পুরো বাজার পুড়ে ছাই হওয়ায় সর্বস্ব হারিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা।
