ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ১৬ অক্টোবর ধর্মঘট ডেকেছে গার্মেন্টস শ্রমিক সংগঠন
মজুরি বোর্ড প্রস্তাবিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ১৬ অক্টোবর দেশব্যাপী শ্রমিক ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়।
এদিকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে গার্মেন্টস শিল্পে জাতীয় মজুরি বোর্ড প্রস্তাবিত এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে সরকারের প্রতি তিন হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের জরুরি সভায় শুক্রবার শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি কাঠামো প্রত্যাখান করে বলা হয়, প্রস্তাবিত মজুরি কাঠামোয় গার্মেন্টস শ্রমিকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করা হয়েছে।
জাতীয় মঞ্চের সমন্বয়কারী জয়নাল আবদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসাইন, কামরুল আহসান ও আলমগীর রনি।
সভায় প্রস্তাবিত মজুরি কাঠামো ও শ্রমিকের স্বার্থবিরোধী শ্রম আইন বাতিলসহ ঈদের আগে বেতন--ভাতা ও ঈদ বোনাস প্রদানের দাবিতে আগামী ১৬ অক্টোবর দেশব্যাপী শ্রমিক ধর্মঘট পালনের জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া প্রস্তাবিত মজুরি কাঠামোয় শ্রমিক পক্ষের দুই সদস্য সম্মতি দেওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে ওই বিবৃতিতে বলা হয়, তাদের এই সম্মতি শ্রমিকদের দাবির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিবৃতিতে সভাপতি আবদুল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, যেসব শ্রমিক প্রতিনিধি বোর্ডের প্রস্তাবে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছে বিশ্বাসঘাতক হিসেবে শ্রমিক জনতার আদালতে তাদেরও বিচার হবে।
যেসব গার্মেন্টস শ্রমিক সংগঠন এক হাজার ৬৫০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ডকে চিঠি দিয়েছে তারা তাদের নাম প্রকাশেরও দাবি জানান।
তিন হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি কোনভাবেই বাস্তবতা বর্জিত নয় বলেও তারা মন্তব্য করেন।
