রূপালী ব্যাংক বিক্রির প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস
প্রধানমন্ত্রীর অফিস থেকে বৃহস্পতিবার সৌদী যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সউদের কাছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক বিক্রির প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
যুবরাজ বন্দর ৩৩ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৬৭ শতাংশ শেয়ার কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করার পর ব্যাংকটির বিক্রি নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়।
এ প্রসঙ্গে বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী বিডিনিউজ২৪ডটকমকে বলেন, ‘আজ আমরা এ সংক্রান্ত একটি চিঠি ক্রেতার কাছে পাঠিয়েছি। এখন ক্রয়--বিক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্যাংকের শেয়ার হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।’
আগামী ৮ অক্টোবর রোববার থেকে এ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, এ সংক্রান্ত সব কাগজ-পত্র মোটামুটি তৈরি আছে। এক সপ্তাহের মধ্যে তারা চুক্তি স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করতে পারবেন বলে তিনি আশা করছেন।
কমিশন যুবরাজ বন্দরের কাছে রূপালী ব্যাংকের ৬৭ শতাংশ শেয়ার বিক্রির জন্য এক মাসেরও বেশি সময় আগে প্রধানমন্ত্রীর অফিসে সুপারিশ করে। যুবরাজ ব্যাংকটির শেয়ার কেনার জন্য আপাতদৃষ্টিতে সবচেয়ে বেশি অর্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন। গত ১৩ সেপ্টেম্বর মন্ত্রিসভা যুবরাজ বন্দরের জমা দেওয়া দরপত্র গ্রহণ করে।
এর আগে ২৭ আগস্ট বেসরকারিকরণ কমিশন জানায়, তাদের আহ্বানকৃত আন্তর্জাতিক দরপত্রের জন্য প্রতিযোগিতা করতে সক্ষম দুটি পক্ষের মধ্যে সৌদী যুবরাজই সবচেয়ে বেশি দর প্রস্তাব করেছেন। যুবরাজ বন্দরের প্রস্তাবিত ৩৩ কোটি মার্কিন ডলারের বিপরীতে আরেক পক্ষ ডোমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম ১০ কোটি ডলার দর প্রস্তাব করে।
দাতাগোষ্ঠীর পরামর্শ অনুযায়ী সরকার রূপালী ব্যাংক বিক্রির সিদ্ধান্ত নিলেও আইনী জটিলতার কারণে ব্যাংকটির বেসরকারিকরণ প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়।
দাতাগোষ্ঠীর পূর্বশর্ত অনুযায়ী সরকার রূপালী ব্যাংক বেসরকারিকরণের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। বিভিন্ন জটিলতা সত্ত্বেও তারা ওই সময়সীমা রক্ষা করতে পেরেছেন বলে এনাম আহমেদ জানান।
রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ছোট রূপালী ব্যাংকের মাত্র ছয় দশমিক ৪২ শতাংশ শেয়ার বেসরকারি খাতে আছে। বাকি শেয়ার সরকারের মালিকানাধীন। ডিসেম্বর ২০০৫ সাল পর্যন্ত এর সম্পদের পরিমাণ ছিল ১০৭ কোটি মার্কিন ডলার। সারাদেশে ব্যাংকটির ৪৯৩টি শাখায় সঞ্চয়ী হিসাবের সংখ্যা ২৫ লাখ ২৫ হাজার। এর কর্মী সংখ্যা পাঁচ হাজার ৭৩১ জন।
