২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল বাংলাদেশকে অন্যের বাজার ও তাবেদার রাষ্ট্র বানাতে চায়: সাতক্ষীরায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল বাংলাদেশকে অন্যের বাজার ও তাবেদার রাষ্ট্র বানাতে চায়। বিদেশে মিথ্যা প্রচার চালিয়ে তারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়। যারা জনগণের সম্পদ নষ্ট করে, জনগণ তাদেরকে কখনও ক্ষমতায় দেখতে চায় না।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরায় কালিগঞ্জে সামাদ স্মৃতি ময়দানে চার দলীয় জোট আােজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী কোন ও দলের নাম উচ্চারণ না করে আরও বলেন, তারা দু’বার ক্ষমতায় এসে দুবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই ক্ষমতায় এসে তারা অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে না খেতে দিয়ে মেরেছিল।

আর দ্বিতীয়বার ক্ষমতায় এসে তারা সন্ত্রাস ও গডফাদারদের রাজত্ব কায়েম করে।  

দেবহাটা কালিগঞ্জ আসনের সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তৃতা করেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হাবিবুল ইসলাম হাবিব, মাওলানা রিয়াসাত আলি, আব্দুল খালেক মন্ডল, নজরুল ইসলাম, ড্যাব ও বিএম এর কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি নেতা সামছুজ্জোহা বাবুল, হোসনে আরা মমতাজ, অধ্যাপক খোদা বক্স প্রমুখ।

খালেদা বলেন, তার সরকার উৎপাদন ও উন্নয়নে বিশ্বাস করে। বিরোধী দল তা চায় না বলে তারা ষড়যন্ত্র ও বিশৃংখলার রাজনীতি করে।

তিনি বলেন, বিরোধী দল চায় না দেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাক। তাদের কথায় ও কাজে মিল নেই। তারা ক্ষমতায় থাকাকালে হরতাল করবে না বলে প্রতিশ্র“তি দিয়েও পরে নিজেরাই তা খন্ডন করে। বিরোধী দল এখন প্রতি মুহুর্তে হরতাল, অবরোধ আর জ্বালাও পোড়াও কর্মসূচি দিচ্ছে।

বিরোধী দলকে দোষারোপ করে তিনি বলেন, সংস্কার নিয়ে আলোচনার নামে বাহানা করছে। আলোচনার স্থান হিসেবে নিজেদের জায়গায় না বসে তারা অন্যের বাড়িতে অর্থাৎ বিদেশীদের বাড়িতে বসতে চেয়ে প্রমাণ করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই।

দেশকে স্বয়ংসম্পুর্ণ করতে হবে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী চিংড়ী চাষে বিখ্যাত এ অঞ্চলে চিংড়ী সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন. এতে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে। বিগত সরকারের আমলে কৃষিতে ১০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হতো মন্তব্য করে তিনি বলেন, তার আমলে ভর্তুকি দেওয়া হচ্ছে ১৩০০ কোটি টাকা। কৃষিতে আরও উন্নয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এজন্য পর্যাপ্ত ঋণ দেওয়া হবে।

এর আগে বেগম খালেদা জিয়া কাকশিয়ালি নদীর ওপর খানবাহাদুর আহসান উল্লাহ সেতু কালিগঞ্জ-আশাশুনি সংযোগ সড়ক উদ্বোধন করেন।

এ ছাড়া পাঁচ ভূমিহীন পরিবার প্রধান মোসলেম সরদার, এন্তানগাজী, জহুরা বিবি, সুপদ পাড় ও মমতাজ বিবির হাতে তিনি খাস জমির দলিল তুলে দেন।