২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে ছিনতাইকালে ৩ ছাত্রদল কর্মিকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

রাজশাহীর চারঘাটে ছিনতাইকালে জনতার গণধোলাইয়ে গুরুতর আহত পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ তিন ছাত্রদল কর্মিকে আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বুধবার রাত ৯ টার দিকে চারঘাট উপজেলা সদরের শিশাতলা মোড়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বুধবার রাত ৯ টার দিকে উপজেলার শিশাতলা মোড় এলাকায় পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সান্টু, কর্মি আনারুল হক আনা ও লিটন রাজশাহী - চারঘাট সড়কে মোটর সাইকেল থামিয়ে দুই ব্যক্তিকে রাস্তার পাশে আখ ক্ষেতে নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। এ সময় মোটর সাইকেল আরোহীরা আত্মরক্ষার জন্য চিৎকার দিলে এলাকাবাসী দৌড়ে গিয়ে ছিনতাইকারীদের ঘিরে ফেলে বেধড়ক গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতা পুলিশের ওপর চড়াও হয়। বিক্ষুদ্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট - পাটকেল নিক্ষেপ করে। এতে চারঘাট থানার দারোগা বিএম লিয়াকত আলী আহত হন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ক্ষুব্ধ জনতা তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর রাত আড়াইটার দিকে কোন মামলা না করেই পুলিশ ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ওই তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়ার পর বিএনপি নেতারা তাদের ছেড়ে দেয়ার দাবি জানান। চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর চেয়ারম্যান জাকিরুল ইসলাম বিকুল পুলিশের ওপর চাপ প্রয়োগ করে আটক ৩ ছাত্রদল ক্যাডারকে রাতেই ছাড়িয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে চেয়ারম্যান জাকিরুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনা সত্য নয়। বিএনপি দলীয় কিছু লোক এলাকার লোকজনকে ভুল বুঝিয়ে ক্ষিপ্ত করে তোলে। একারণেই তারা গণপিটুনির শিকার হয়। দলীয় বিষয় বলেই তাদের ছাড়িয়ে নেয়া হয়েছে। 

এ ব্যাপারে চারঘাট থানার ওসি আজিজুল হক সরকারকে মোবাইলে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক আটকদের ছেড়ে দেয়ার ঘটনা স্বীকার করে বলেন, দলীয় কোন্দলের কারণে তাদের আটক করা হয়েছিল। ছিনতাইয়ের কোন সত্যতা না পাওয়ায় ওসি তাদের ছেড়ে দিয়েছেন বলে তিনি জানান।