রাঙ্গামাটিতে লঞ্চ শ্রমিকদের দু’গ্র“পে সংঘর্ষ, আহত ৭
রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাটে বুধবার সকালের দিকে মারিশ্যাগামী একটি লঞ্চের যাত্রী উঠানোকে কেন্দ্র করে লঞ্চ শ্রমিকদের দুটি গ্র“পের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৬ টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাটে এম এল নাজিম নামের একটি লঞ্চ রাঙ্গামাটি - মারিশ্যা রুটে পরিবহনের জন্য সিডিউল না মেনে যাত্রী উঠায়। এ সময় লঞ্চ মালিক সমিতির সদস্যরা এম এল নাজিম লঞ্চে কর্মরত শ্রমিকদের যাত্রী নিতে বাধা প্রদান করে। এতে উভয় পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এতে সাতজন আহত হয়। এরা হলেন, এমএল নাজিম রঞ্চের মালিক রফিক আহমেদের দুই ছেলে জমির (২৪) ও নাজিম (৩০), লঞ্চ কর্মচারী লিটন(২৪), লঞ্চ মালিক সমিতির কর্মচারী আব্দুর রাজ্জাক (৩৫), লাইনম্যান চান্দুমিয়া (৪৫), ঘাট শ্রমিক সুমন (৩২) এবং আনোয়ার (৫০)।
ঘটনার পর এম এল নাজিম এবং এম এল সুফিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সভাপতি হাজী মনসুর আহমেদ।
অন্যদিকে এম এল নাজিমের মালিকপক্ষ অভিযোগ করেছে, নৌপথে সবার যাত্রী পরিবহনের অধিকার থাকলেও তারা বিভিন্নভাবে হয়রানি অব্যাহত রেখেছে।
এদিকে এরকম একটি ঘটনার আশংকায় সোমবার লঞ্চ মালিক সমিতি রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করলেও সংঘর্ষের সময় কোন পুলিশ ছিল না বলে অভিযোগ করেছে লঞ্চ মালিক সমিতির নেতারা।
তবে কোতোয়ালি থানার এএসআই আশরাফ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, জানিয়েছেন, সংঘর্ষের সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে ছিল।
তবে এই ঘটনায় কোন পক্ষই শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি।
