২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, আহত ৩৪, সর্বশেষ

দেশের বিভিন্ন স্থানে বুধবার সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এর মধ্যে চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে তিনজন, সাভারে পৃথক ঘটনায় চারজন এবং মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে আরও সাতজন রয়েছে।  

বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, সীতাকুন্ড উপজেলায় বুধবার সকাল সাড়ে আটটার দিকে একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান দ্রুত রেল ক্রসিং পার হতে গেলে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি চূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন ও পরে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

নিহতরা হলেন, ফিলিপস কোম্পানির দুই কর্মকর্তা রতন, সাধন এবং ভ্যানচালক জানে আলম।

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা--মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় বুধবার সকাল সোয়া দশটায় ঢাকাগামী গাংচিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিক্সা আরোহী অজ্ঞাত এক তরুণী (১৮) নিহত হয়। দুর্ঘটনায় নিহতের মা ও রিক্সাচালক গুরুতর আহত হয়। ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা--মাওয়া মহাসড়কে ব্যারিকেড দিলে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। বুধবার দুপুরে অবরোধ তুলে নেওয়া হলেও বিক্ষুব্ধ লোকজন গাংচিল পরিবহনের কোন বাস ওই সড়কে চলাচল করতে দেয়নি বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাতে একই স্থানে সিরাজদিখান থেকে ঢাকাগামী আলু বোঝাই ট্রাক ও মাওয়াগামী যাত্রীবাহী বাসের হলে এক যুবক নিহত এবং অপর তিনজন আহত হন। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হযেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার মালিবাগ এলাকায় বুধবার দুপুর ১ টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে কুমিল¬ার কোম্পানীগঞ্জ উপজেলার জারু মিয়ার মেয়ে শাহীনূর (৮), দেবীদ্বারের গৌরাঙ্গের ছেলে সুজন (২) এবং অজ্ঞাত এক মহিলা (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর প্রতিনিধি জানান, যশোর শহরতলীর রাজারহাট তেল পাম্পের কাছে বুধবার সকালে পাটবোঝাই একটি ট্রাকের সামনের চাকা খুলে গেলে আল আমিন (১৩) নামে এক কিশোর চাকার আঘাতে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। সে মুড়লি এলাকার মতিয়ার রহমানের ছেলে।

একইদিন সকালে যশোর-সাতক্ষীরা রোডের মণিরামপুর ডিগ্রী কলেজের সামনে বাস চাপা পড়ে ডাক্তার মুতাব্বের হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এসময় তার ভাই মুারেফ হোসেন (৪৩) গুরুতর আহত হন। দুজনই মোটর সাইকেলে করে যশোরের দিকে আসছিলেন। আহতকে ঢাকায় পাঠানো হয়েছে।  

সাভার প্রতিনিধি জানান, সাভারের আশুলিয়া মরাগাং এলাকায় মঙ্গলবার রাতে টঙ্গীর আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ম্যাক্সির সাথে একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ম্যাক্সিটি রাস্তা থেকে ছিটকে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় নুরুল ইসলাম (৩০) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পথচারীরা গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরা হলো জামগড়া এলাকার জমসের আলী (৩২) এবং কিশোরগঞ্জের মাহবুবুর ভঁইয়া (৩৫)।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।

আশুলিয়া থানার এসআই বাছিরুল জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছে।

অপর ঘটনায় ঢাকা--আরিচা মহাসড়কের সাভার পিএটিসির সামনে একটি দ্রুতগামী বাসের চাপায় ২ মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।