আর্থিক ভর্তুকির দাবিতে আবারও আন্দোলনে যাচ্ছে বিমানের কর্মকর্তা-কর্মচারিরা
বিমানকে আর্থিকভাবে সচ্ছল করার দাবিতে সংস্থার কর্মকর্তা -- কর্মচারিদের জোট সম্মিলিত সংগ্রাম পরিষদ দু’একদিনের মধ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।
সংগ্রাম পরিষদ নেতা ও বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাহবুবুর রহমান বুধবার রাতে বিডিনিউজ২৪ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করার জন্য তারা বুধবার দীর্ঘ বৈঠক করেন। আজকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হবে। এতে পর্যায়ক্রমে সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়াসহ দেশের সব কয়টি বিমানবন্দর অচল করার কর্মসূচি থাকতে পারে।
সংগ্রাম পরিষদ নেতারা জানান, তারা বিমানকে আর্থিক ভর্তুকি দিয়ে সচ্ছল করার দাবিতে গত সপ্তাহেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেনের সঙ্গে দুদফা বৈঠক করেছেন। সে সময় তারা জরুরিভিত্তিতে বিমানে আরো ৫৫০ কোটি টাকা ভর্তুকি দেয়ার দাবি জানান।
এর আগে আন্দোলনের হুমকির মুখে অর্থ মন্ত্রণালয় বিমানে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু আন্দোলনকারীদের ভাষ্য মতে, বিমানকে আর্থিকভাবে সচ্ছল করতে এই টাকা নিতান্তই সামান্য। বিমানে মোট ভর্তুকি প্রয়োজন প্রায় ১২০০ কোটি টাকা। তবে আপাততঃ ৫৫০ কোটি টাকা হলেও চলবে বলে তারা উল্লেখ করেন।
