বরিশালে আইনজীবীকে পুলিশ কর্মকর্তার জুতাপেটা
বরিশালে বুধবার এক আইনজীবীকে জুতাপেটা করেছেন এক পুলিশ কর্মকর্তা। ওই ঘটনায় পুলিশী তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনার প্রতিবাদে আইনজীবীরা আজ আদালত বর্জন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটরের (পিপি) সহকারী অ্যাডভোকেট আনিসুর রহমান একটি মামলার নথি দেখার জন্য দুপুরে সদর ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও (এসআই) আলতাফ হোসেনের কার্যালয়ে যান। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে আলতাফ ওই আইনজীবীকে জুতাপেটা করেন।
ঘটনার পর পুলিশ সুপারের প্রতিনিধি এএসপি (সার্কেল) মিজানুর রহমান তড়িঘড়ি করে এসআই আলতাফকে আদালত থেকে ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে যান।
অপ্রীতিকর এই ঘটনাকে কেন্দ্র করে এএসপি মিজানুর রহমান, পিপি মহসিন মন্টুসহ আইনজীবীরা আদালত পরিদর্শক নির্মল চন্দ্র বিশ্বাসের কার্যালয়ে বৈঠকে বসেন।
পরে তিনি ঘটনার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
ওই ঘটনার প্রতিবাদে আইনজীবীরা একযোগে আদালত বর্জন করেছেন।
