লাইব্রেরির বই চুরির দায়ে রাবি ছাত্রকে পুলিশে সোপর্দ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বই চুরির অপরাধে তানজিমুল হক সুমন নামে এক ছাত্রকে বুধবার পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত সুমন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুধবার সকাল ১১টার দিকে সুমন কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চারটি বই সংগ্রহ করেন। কিন্তু বইগুলো কোমরে লুকিয়ে লাইব্রেরি থেকে বের হওয়ার সময় কর্তব্যরত গার্ড তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে প্রক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। প্রক্টর ড. এনামুল হক সুমনকে সঙ্গে করে তার (সুমন) রুম তল্লাশি করে লাইব্রেরির আরও পাঁচটি বই উদ্ধার করেন। এছাড়া তার কাছে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সভাপতির নামে একটি ভূয়া রাবার সিল, একটি প্যাড এবং নেশাজাতীয় দ্রব্যও গেছে। এরপর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
এদিকে উপস্থিত সাংবাদিকরা সুমনের কাছে ঘটনা জানতে চাইলে সে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সাংবাদিকরা মিলে তাকে বেধড়ক পিটুনি দেয়। পরে প্রক্টর সুমনকে পুলিশে সোপর্দ করেন। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ফকিরাবাদ গ্রামে বলে জানা গেছে।
