২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুজা মণ্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট, পৃথক ঘটনায় আটক ৪

নেতাকে নিমন্ত্রণ না করায় সোমবার গভীর রাতে বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের সহযোগিতায় যুবদল কর্মীরা পূজা মণ্ডপে তাণ্ডব চালিয়ে প্রতিমা এবং প্যাণ্ডেল ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এসময় তারা চারটি মিষ্টির দোকানসহ কয়েকটি দোকান লুটপাট ও ভাংচুর করে ।

মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজার শ্রী শ্রী দুর্গা মন্দিরে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মন্দির কমিটি বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই তাণ্ডবের কথা জানায়।

এর আগে রোববার রাতে মোরেলগঞ্জ উপজেলার শৈলখোলা বাজার পুজা মণ্ডপে নাশকতা ঘটাতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয় তিন যুবক। এছাড়া অপর এক ঘটনায় মংলা উপজেলার বটতলা পুজা মণ্ডপে আসা এক তরুণীকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টাকালে নাছির নামে এক যুবককে পুলিশ আটক করেছে।

ডেউয়াতলা মন্দির কমিটির সভাপতি কুমুদ রঞ্জন মণ্ডল জানান, মন্দির কমিটির পক্ষ থেকে বিএনপির থানা ও ইউনিয়ন পর্যায়ের প্রথম সারির নেতৃবৃন্দকে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল বাশার হাওলাদারকে নিমন্ত্রণ না করায় ক্ষিপ্ত হয়ে তিনি ও তার সহযোগীরা সোমবার গভীর রাতে হামলা চালায় ও প্রতিমা ভাংচুর করে। পরে বাশার মঞ্চে উঠে মাইক নিয়ে ঘোষণা দেয় যে, এখন থেকে তার অনুমতি ছাড়া এলাকায় হিন্দুরা কোন অনুষ্ঠান করতে পারবে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গুরুদাস বিশ্বাস। জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু এ সময় তাদের সাথে ছিলেন।

উল্লেখ্য ইউনিয়ন যুবদল সভাপতি বাশার ডেউয়াতলায় বিএনপির সন্ত্রাসীদের হাতে নিহত আওয়ামী লীগ কর্মী হেমায়েত হত্যা মামলার অন্যতম আসামী। এলাকার হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতনের অনেক ঘটনার মূল হোতাও সে। সোমবার রাতের হামলার সময় সেলিম মোল্ল্যা, কামরুল, আলাউদ্দিনসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার সাথে ছিল বলে জানা গেছে। 

বাগেরহাটের পুলিশ সুপার এম. মোস্তফা কামাল এবং মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভাংচুরের ঘটনা স্বীকার করেছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

তবে অভিযুক্ত বাশারের সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে শৈলখোলা বাজার পুজা মন্দিরের সামনে থেকে রোববার রাতে তিন যুবককে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছে। তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে, পূর্ব শত্র“তার জের ধরে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে তুলে আনতে ১০/১২ জন সহযোগীসহ তারা ঐ মন্দিরের সামনে গিয়েছিল। ধৃতরা হচ্ছে, আব্দুর রশিদের ছেলে আমিনুর রহমান (১৯), সোবাহান শেখের ছেলে কালাম শেখ (১৮) এবং রহমান শেখের ছেলে ইকরামুল শেখ (১৯)। এদের তিনজনেরই বাড়ি মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামে।

মংলার বটতলা মন্দিরে পুজা দেখতে এসে নির্যাতিতা তরুণীর বাবা বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালত বাগেরহাটের পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন।