পানি সরবরাহ প্রকল্পের বিরোধিতায় খুলনায় সড়ক অবরোধ কর্মসূচি
খুলনা সিটি কর্পোরেশনের একটি পানি সরবরাহ প্রকল্পের বিরোধিতা করে খুলনা--যশোর মহাসড়কে মঙ্গলবার এক ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ফুলতলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচি চলাকালীন বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ফুলতলা উপজেলা থেকে পাইপলাইনের মাধ্যমে মহানগরীতে পানি নিয়ে আসা প্রকল্প চালুর প্রতিবাদে ফুলতলা পানি ও পরিবেশ রক্ষা কমিটি খুলনা--যশোর মহাসড়কের পথের বাজারে এক ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
অবরোধ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারুজ্জামান মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান ভূঁইয়া, আনসার আলী মোল্লা, শাহাবুদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফুলতলা থেকে পানি উত্তোলন করে খুলনা মহানগরীতে সরবরাহ করা হলে একদিন ফুলতলা মরুভূমিতে পরিণত হবে এবং প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে।
জীবন দিয়ে হলেও ফুলতলাবাসী কেসিসির এ উদ্যোগ বাস্তবায়িত হতে দেবে না বলে সমাবেশে অঙ্গীকার করা হয়।
