২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্যজীবীদের নিরাপত্তার ব্যবস্থা সরকারকেই করতে হবে: গোলটেবিলে অভিমত

আবহাওয়া অধিদপ্তরকে প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে নৌ-পরিবহন মন্ত্রনালয়ে ন্যস্ত, জেলে নৌকায় রেডিও এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা, মেরিন ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে সমুদ্রে পুলিশের টহল, জেলেদের বিকল্প কর্মসংস্থান, সহজ শর্তে ঋণ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জেলেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আর এক্ষেত্রে সরকারকেই পালন করতে হবে মূখ্য ভূমিকা ।

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার কোস্ট ট্রাস্ট আয়োজিত ‘সেপ্টেম্বরের ঘুর্ণিঝড় এর অভিজ্ঞতা: মৎস্যজীবীদের সুরক্ষার উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত দেন।

কোস্টের ট্রাস্টি ড. তোফায়েল আহমেদের সঞ্চালণে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান এমপি, মো. দেলোয়ার হোসেন এমপি, মেরিন ফিসারিজ অ্যাকাডেমির অধ্যক্ষ কমান্ডার মকবুল হোসেন, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল সারোয়ার জামাল মিজান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, মেজর (অব.)  হামিদুর রহমান, মেজর (অব.) জিয়া উদ্দিন ও রেডক্রিসেন্টের রুহুল আমিন, কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে সাম্প্রতিক ঝড়ে ভোলা, কক্সবাজার এবং বরগুনার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, সরকারের উদাসিনতার কারণে প্রতি বছরই সমুদ্রে শ’ শ’ জেলে মারা যাচ্ছে। সঠিক সময়ে আবহাওয়া বার্তা জেলেদের কাছে পৌছানো গেলে এত জেলেকে এভাবে মরতে হতো না। আমাদের সমস্যা হলো আমরা কেউই দায়িত্ব নিয়ে কাজ করিনা। একটা ঘটনা ঘটার পর তা নিয়ে সভা-সেমিনার করি। কিন্তু আগে থেকে কোনো ব্যবস্থা গ্রহন করিনা।

বক্তারা আরো বলেন, মানুষের লাশ কুকুরে খাচ্ছে। সভ্য সমাজে বসবাস করেও এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে।

গোলটেবিল বৈঠকে দুর্যোগ প্রতিবেদন উপস্থাপন করেন মাহমুদ সেলিম।