কুমিল্লা থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৩
কুমিল্লা থেকে অপহৃত মেহেদী হাসান (৭) নামের একটি শিশুকে সোমবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে।
এর আগে দুপুরে র্যাব--৭ এর সদস্যরা কুমিল্লায় ফাঁদ পেতে সংঘবদ্ধ শিশু অপহরণকারী দলের প্রধান কবীর হোসেনসহ ৩ অপহরণকারীকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের পেছনে কাজীর দেউরী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কবীর হোসেন জেলার নাঙ্গলকোট উপজেলার রুদ্রচুমা গ্রামের আলী আশরাফের ছেলে। অপহরণকারী দলের আটক অপর দুই সদস্য হলো দুলাল ও সুমন।
র্যাব জানায়, কবীর হোসেন ডিবি কর্মকর্তার পরিচয় দিয়ে কিছুদিন আগে সদর থানার বিরাসারপুর গ্রামের সৌদি প্রবাসী নাঈম মিয়ার বাড়িতে একটি মেয়েসহ আশ্রয় নিয়েছিল। পরে ৩০ সেপ্টেম্বর কবীর আবার ঐ বাড়িতে বেড়াতে আসে। কাপড় কেনার কথা বলে সন্ধ্যায় সে মেহেদী হাসানকে নিয়ে পালিয়ে যায়। শিশুটির মুক্তির জন্য অপহরণকারী কবীর মোবাইল ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
