রাজশাহীতে র্যাব-পুলিশের নির্যাতনে ইউপি সদস্য নিহত: সংবাদ সম্মেলনে অভিযোগ
রাজশাহীতে র্যাব ৩ ও ৫ এবং বোয়ালিয়া থানা পুলিশের নির্যাতনে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য খন্দকার ফারুক হোসেন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১ টায় মাদারীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী সাবিনা আক্তার এ অভিযোগ করেন।
তিনি বলেন, রাজশাহীর এক মহিলা চিকিৎসক ফারুকের নামে র্যাব ৫ এর কাছে অভিযোগ করলে র্যাব ৩ তাকে ঢাকার কাকরাইল থেকে ১০ সেপ্টেম্বর গ্রেফতার করে। নির্যাতনের পর তাকে র্যাব ৫ এর কাছে হস্তান্তর করা হয়। র্যাব ৫ নির্যাতন শেষে তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বোয়ালিয়া থানার এসআই তৌহিদ ম্যাজিস্ট্রেটের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। এসআই তৌহিদ ফারুককে নির্যাতন চালিয়ে রাজশাহী কারাগারে প্রেরণ করে। সেখানে ফারুক গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং বিনাচিকিৎসায় ২৫ সেপ্টেম্বর মারা যায়।
এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের এক চিকিৎসক জানান, নির্যাতনে ফারুকের মৃত্যু হয়েছে।
একই অভিমত পোষণ করে হিউম্যান রাইটস রাজশাহী বিভাগ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।
