২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নিলেন মা দুর্গা

রাজধানীসহ সারাদেশে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু বাঙালী সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।  কথিত আছে, দেবী দুর্গা ছয়দিন পিতৃগৃহে কাটিয়ে বিজয়া দশমীতে ছেলেমেয়ে নিয়ে স্বামীগৃহে ফিরে যান। সে কারণে প্রতিমা বিসর্জনের সন্ধ্যায় সনাতনীদের ঘরে ঘরে নেমে আসে শোকের ছায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পাঁচদিনব্যাপী এ উৎসবের শেষ দিন সোমবার রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবং লক্ষ্মী, স্বরস্বতী, কার্ত্তিক ও গণেশের প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করে। সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে নানান বয়সী নারী -- পুরুষ ও শিশু বিসর্জনের শোভাযাত্রা বের করার জন্য জড়ো হয়। প্রধানত বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে বিসর্জন দেয়া হয় নগরীর প্রতিমাসমূহ।

পূজা কমিটি জানায়, এবার সারাদেশে প্রায় ১৯ হাজার এবং নগরীতে ১৫৬ টি পূজা মণ্ডম তৈরি করা হয়। 

রাজধানীর প্রধান পূজামণ্ডপ ঢাকেশ্বরী জাতীয় মন্দির ছাড়াও সবচেয়ে বড় পূজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রামকৃষ্ণ মিশন, রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, তাঁতী বাজার, শাঁখারী বাজার, বাংলা বাজার, মহাখালী ও ফার্মগেটে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হিন্দু বাঙালির সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নির্বিঘœ করতে সৃষ্টি করা হয় নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী। নগরীর বড় বড় পূজা মণ্ডপে বসানো হয় সিসিটিভি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর।

স্পর্শকাতর পূজা মণ্ডপগুলো চিহ্নিত করে নিরাপত্তার জন্য নেয়া হয় বিশেষ ব্যবস্থা; বসানো হয় মনিটরিং সেল। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় প্রায় এক লাখ ২২ হাজার র‌্যাব, বিডিআর, পুলিশ ও আনসার সদস্য।