পুলিশ প্রহারের অভিযোগে শ্যুটার আসিফ গ্রেফতার
কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী শ্যুটার আসিফ হোসেন খান ও অপর শ্যুটার শোয়েবুজ্জামানকে সোমবার গ্রেফতার করেছে গুলশান পুলিশ।
এছাড়া গুলশান শ্যূটিং ক্লাবের এক মহিলা কর্মচারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিন কর্মচারী হলেন, জাহাঙ্গীর, আলী হোসেন এবং জান্নাতুল ফেরদৌস।
দুপুরেই গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান শ্যুটিং ক্লাবের ফটকে পুলিশ ও আনসার সদস্যদের মারধোর করার অভিযোগ দায়ের করেছে গুলশান পুলিশ।
বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন চৌধুরী অভিযোগ করেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার ওয়াহিদুর রহমান এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ গুলশান শ্যুটিং কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে জাতীয় শ্যুটারদের ব্যাপক মারধোর করে। পরে তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২:৩০ এর দিকে গুলশান শ্যুটিং ক্লাবে ঢোকার মুখেই পার্ক করা ছিলো পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তার গাড়ি। ওই গাড়ির কারণে ক্লাবের ভেতরে আসিফের ভাড়া করা গাড়ি প্রবেশ করতে না পারায় সে (আসিফ) পুলিশকে পার্ক করা গাড়িটি সরিয়ে ফেলতে অনুরোধ করেন।
এ সময় পার্ক করা গাড়ির ড্রাইভার মিজান ও অপর পুলিশ সদস্যদের সাথে তার তর্কবিতর্ক হয় এবং একপর্যায়ে আসিফ ক্লাবের ভেতরে পায়ে হেটে ঢুকে। কিছুক্ষণ পর গুলশান থানার সাব ইন্সপেক্টর জসিম উদ্দিনসহ পুলিশের কয়েকজন সদস্য শ্যুটিং ক্লাবের ভেতরে প্রবেশ করে আসিফসহ আরও একজন শূটারকে মারধোর করে। পুলিশকে প্রতিরোধ করতে আসলে ক্লাবের চারজন কর্মীকে পুলিশ আটক করে।
স্থানীয়রা জানান, গাড়িটি ছিলো পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবালের। অপরদিকে গুলশান পুলিশ জানায়, গাড়িটির মালিক কে সে বিষয়ে তারা কিছু জানে না।
গুলশান পুলিশ জানায়, আসিফ এবং শ্যুটিং ক্লাবের কর্মীরা সাব ইন্সপেক্টর জসিম উদ্দিন, কনস্টেবল আবদুর রহমান ও আনসার সদস্য জিয়াউর রহমানকে মারধোর করে। আহত পুলিশদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মারধোরের কারণে আসিফকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করে।
