২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের জায়গা ও সময় এখনো চূড়ান্ত হয়নি-জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, সংলাপের জায়গা ও সময় এখনো চূড়ান্ত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংলাপ হবে, সংবাদমাধ্যমগুলোতে এরকম খবর প্রকাশের পর সাংবাদিকদের সোমবার আবদুল জলিল একথা বলেন। 

মতিঝিলে নিজ কার্যালয়ে আবদুল জলিল আরো জানান, সোমবার সকাল সাড়ে দশটায় টেলিফোন করে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া তাকে টেলিফোন করে সংলাপের সম্ভাব্য জায়গা ও সময়ের কথা বলেন। জলিল জানান, সোমবার রাত নয়টায় দলের প্রধান এবং সভাপতিমণ্ডলীর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে।

জলিল জানালেন, মঙ্গলবার সকালে আবদুল জলিলের ভোলা সফরে যাওয়ার কথা। তবে মঙ্গলবারে সংলাপের বিষয়ে একমত হলে সেই সফর স্থগিত করা  যেতে পারে।

জল্পনা--কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সংবাদ মাধ্যমগুলোকে জানানো হয়েছিল। আবদুল জলিল দাবি করলেন, জায়গা ও সময়ের বিষয়টি এখনও আওয়ামী লীগ চূড়ান্ত করেনি।

আবদুল জলিল অবশ্য বলেছেন, সংলাপ যত শিগগির হয় ততই মঙ্গল।