চাঁদাবাজির অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা
ডাকাতিতে সহায়তা, চাঁদা আদায় ও চাঁদা দাবির অভিযোগে পল্টন থানার ওসি আবদুর রাজ্জাক, এসআই শাহআলম, আব্দুল আজিজ, শাহাবুদ্দিন, সেলিমউদ্দৌলা’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মহানগর হাকিম মিজানুর নহমান শুনানি শেষে তদন্তপূর্ব আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে অতিরিক্ত আইজিপি (সিআইডি) বরাবরে আদেশ দেন।
বাদী বাহাদুর মোহাম্মদ খান, ৮৯/২ নয়াপল্টন আর্জিতে বলেন, ১৫ জানুয়ারি রাত সাড়ে নয়টায় বাদির বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা বাদির স্ত্রীর ডান হাত ভেঙে ফেলে এবং তার ১৪ মাসের মেয়েও গুরুতর আহত হয়। ডাকাতরা নগদ সাড়ে পাঁচ লাখ টাকার গহনা ও মালামাল নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির সময় এসআই শাহআলম ফোর্সসহ উপস্থিত থেকেও ডাকাতদের বাঁধা না দিয়ে তাদের সহায়তা করে। উপরন্তু বাদিকে থানায় নিয়ে আটকে রেখে পরদিন আদালতে পাঁঠিয়ে দেয়।
বাদি কোর্টে ডাকাতির মামলা করলে ওসি আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। ওসি’র পরামর্শে এসআই শাহআলম বাসা ছেড়ে দেওয়ার স্বীকারোক্তি আদায়সহ বাদির কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে। ২০ জানুয়ারি সে বাদির কাছে আরো ৫০ হাজার টাকা দাবি করে নতুবা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চিরকুট পাঠায়।
