বাণিজ্য উপদেষ্টা বুলুর ভাইয়ের বিরুদ্ধে মামলা তুলে নিতে টপ কর্পোরেশনের মালিকদের হুমকি
মোহাম্মদপুরস্থ শ্যামলীতে অবস্থিত গাড়ির বিক্রয় প্রতিষ্ঠান টপ কর্পোরেশনের মালিকগণ সোমবার অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলুর ছোট ভাই মতিউর রহমান পিন্টুকে পুলিশ গ্রেপ্তারের পর থেকে কুখ্যাত নবীর গ্র“পের অজ্ঞাত সন্ত্রাসীরা তাদেরকে টেলিফোনে হুমকি দিচ্ছে।
টপ করপোরেশনের পাঁচজন মালিকের অন্যতম লিয়াকত বিডিনিউজকে জানান, রোববার রাত থেকে সন্ত্রাসীদের অব্যাহত টেলিফোন হুমকির মুখে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।
লিয়াকত বলেন, নবীর গ্র“পের অজ্ঞাত সন্ত্রাসীরা ফোনে বলছে, পিন্টুর বিরুদ্ধে দায়েরকরা মামলা তুলে না দিলে সোমবার রাতের মধ্যেই আমাদের লাশ ফেলা হবে।
তিনি আরও বলেন, সোমবার সকালে পিন্টুর আত্মীয়রা টপ কর্পোরেশনের ম্যানেজার আজমকে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। সেখান থেকে তাকে আদালতে নিয়ে যায় পিন্টুর আত্মীয় স্বজনরা। লিয়াকত অভিযোগ করেন, পিন্টুর আত্মীয় স্বজনরা আজমকে দিয়ে মামলা প্রত্যাহারের পাঁয়তারা করছে।
লিয়াকত বলেন, আজমের মোবাইল ফোন বন্ধ থাকায় সোমবার দুপুর থেকে আমরা তার সাথে যোগাযোগ করতে পারছি না।
এদিকে মোহাম্মদপুর পুলিশ গ্রেপ্তারকৃত পিন্টুকে সোমবার মুখ্যমহানগর দায়রা আদালতে উপস্থিত করলে ম্যাজিস্ট্রেট এমএ সালাম তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে পুলিশ সূত্র জানায়, পিন্টুর বিরুদ্ধে পূবালী ব্যাংক, ইমামগঞ্জ শাখার ঋণ আদায়কারী মেসার্স ইলেক্ট্র ফেয়ারের পক্ষে মোহাম্মদ মোশাররফ হোসেন এবং আবদুস সালাম তালুকদারের দায়ের করা ব্যাংক চেক ডিসঅনারের অভিযোগে পৃথক দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা পেনডিং রয়েছে। লালবাগ থানায় ওই দুই মামলা গত বছরের ৯ মে ও চলতি বছরের ৫ তারিখে দায়ের করা হয়।
এদিকে পিন্টু গ্রেপ্তারের পর শ্যামলী এলাকার কয়েকজন ব্যবসায়ী তার অপরাধমূলক কাজ সম্পর্কে মুখ খুলতে শুরু করেছে। তারা বলেন, ওই এলাকায় কোন ব্যবসায়ীই নবীর গ্র“পকে চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারে না।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বুলুর ভাই পিন্টু কুখ্যাত সন্ত্রাসী নবীর এর অবর্তমানে তার গ্র“প পরিচালনা করছে এবং সন্ত্রাসীদের মধ্যে সমন্বয় করছে। তবে তারা তাদের পরিচয় গোপন রাখার অনুরোধ করেন।
ব্যবসায়ীরা বলেন, আমাদের নাম প্রকাশ করলে নবীর গ্র“পের সন্ত্রাসীরা আমাদের খুন করবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছর থেকে মোহাম্মদপুর এলাকার কুখ্যাত গডফাদার নবীর পলাতক রয়েছে। বর্তমানে সে ব্যাংকক থেকে তার দল পরিচালনা করছে।
গত রোববার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ পিন্টুকে গ্রেপ্তার করে। টপ কর্পোরেশনের ম্যানেজার আজমের দায়ের করা মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলায় পুলিশ নবীর এর সৎ ভাই সুমনকে গ্রেপ্তার করে। সুমনের দেওয়া তথ্যমতে, পুলিশ পিন্টুকে ওই গ্যাং এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগ গ্রেপ্তার করে।
টপ করপোরেশনের মালিক লিয়াকত আরো জানান, সুমনই পুলিশের কাছে পিন্টুর নাম বলেছে। ফলে ওই সন্ত্রাসী দলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ পিন্টুকে গ্রেপ্তার করে ।
