২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউজে’র সাধারণ সভায় সাংবাদিক অধিকার আদায়ে ঐক্যের আহ্বান

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

জাতীয় প্রেসক্লাবে সোমবার সংগঠনের সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী।

এতে বক্তারা বলেন, দেশ এখন সংকটের মধ্য দিয়ে চলছে। বিভিন্নভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। সংবাদপত্র নিয়ন্ত্রণ ও এর বিকাশ রোধে আইন প্রণয়নের চেষ্টা চলছে। সাংবাদিক সমাজ এ সব মেনে নিতে পারে না।

আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ডিইউজের সাধারণ সম্পাদক শাহ আলমগীর।

সাংবাদিক কামাল লোহানী বলেন, আইয়ুব খান যা পারেনি জিয়াউর রহমান তা -- ই পেরেছেন। তিনি দলীয় স্বার্থে সাংবাদিক ইউনিয়নকে বিভক্ত করেছেন। এতে অধিকার খর্ব হয়েছে সাংবাদিকদের।

তিনি ডিইউজের স্বৈর শাসন বিরোধী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন করে আজ আমাদের রক্তের শক্তি কমে গেছে। যারা স্বাধীনতার বিরোধীতা করেছে, সেই নিজামীদের গাড়িতেই এখন জাতীয় পতাকা ওড়ে।

কামাল লোহানী প্রশ্ন রেখে বলেন, আর কতবার আমাদের সাংবাদিক মানিক সাহা, দীপংকর বা গৌতমের পরিণতি বরণ করতে হবে? আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে লড়াই করেই ।

ইকবাল সোবহান চৌধুরী ইউনিয়নের ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে অবিভক্ত ইউনিয়ন আমাদের মর্যাদা প্রতিষ্ঠা ও দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে একই স্থানে ডিইউজে’র দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংগঠনের প্রায় এক হাজার ৭০০ ভোটার এতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।