২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২/১ দিনের মধ্যে জ্বালানি তেলের সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণ

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, দুই-এক দিনের মধ্যে কৃত্রিমভাবে সৃষ্ট জ্বালানি তেলের সংকট নিরসনের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

তিনি বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপোর ওপর চাপ কমাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাটাখোলায় একটি অস্থায়ী ডিপো স্থাপন করা হবে।

এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) অস্থায়ী ডিপো খোলার নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশে মাহমুদুর রহমান শনিবার বিপিসি, বিআইডব্লিউটিএ এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

জ্বালানি তেলে দাম বাড়ানো হতে পারে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের এমন বক্তব্যের পর জ্বালানি খাতে এ কৃত্রিম সংকট সৃষ্টি হয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জ্বালানি উপদেষ্টাকে যেকোনও প্রকারে এ পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন।

মাহমুদুর রহমান দ্ব্যর্থহীনভাবে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা তাদের নেই। দাম বাড়ানোর ব্যাপারে গুজব ছড়িয়ে পড়ায় পাম্প মালিকরা কৃত্রিমভাবে এ সংকট সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।

উত্তরাঞ্চলের বাঘাবাড়ী ডিপোর অপর্যাপ্ত সরবরাহের ব্যাপারে তিনি বলেন, পাম্প মালিকরা হঠাৎ করে ব্যাপকভাবে জ্বালানি তেল সরিয়ে ফেলার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যমুনা নদীতে ব্যাপক চরের কারণে ১৩ টি তেলবাহী জাহাজ বাঘাবাড়ী ডিপোতে পৌঁছতে পারছে না। তবে এখনও বাঘাবাড়ী ডিপোতে আরও ১২ দিনের তেল মজুদ রয়েছে বলে তিনি জানান।