২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ পদত্যাগের দাবিতে ছাত্রদের হাতে ৪ ঘন্টা আটক, সংঘর্ষ, ভাংচুর

নগরীর সিধেশ্বরী কলেজে শনিবার দুই দল বিক্ষুব্ধ ছাত্রের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে তাকে চার ঘন্টা আটকে রাখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

এ ঘটনায় কলেজের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অবস্থানকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতংক বিরাজ করে।

পুনরায় সংঘর্ষ এড়াতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণ অনুসন্ধানে কলেজের ব্যাবস্থাপনা কমিটি তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র জানায়, কলেজের বাংলা বিভাগের শিক্ষক আব্দুর রশীদ ভূইয়ার ওপর ২৬ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে হাবিবুল্লা বাহার কলেজের কিছু ছাত্র হামলা চালায়। ওই ঘটনায় সিদ্ধেশ্বরী কলেজের কিছু ছাত্রের জড়িত থাকার অভিযোগে শনিবার কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ ঘটে।

শিক্ষক আব্দুর রশীদ ভূইয়া কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় নকলের অভিযোগে হাবিবুল্লা বাহার কলেজের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

সিদ্ধেশ্বরী কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অভিযোগ করেন, হাবিবুল্লা বাহার কলেজের ছাত্র আতিউর রহমান ও নুরুল ইসলাম সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র বাপ্পি, ইকবাল ও শাজাহানের সহযোগিতায় এ হামলা চালায়। আহত শিক্ষক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধেশ্বরী কলেজের শতাধিক উত্তেজিত ছাত্র শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষককে আহত করার জের ধরে আতিউর রহমান, নুরুল ইসলাম, বাপ্পি, ইকবাল ও শাজাহানকে গণপিটুনি দেয়।

সিদ্ধেশ্বরী কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আরো অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ ওই শিক্ষকের ওপর হামলায় মদদ দিয়েছিলেন।

উত্তেজিত শিক্ষার্থীরা অধ্যক্ষ রফিকুল ইসলামকে দুপুর ২টা পর্যন্ত তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের জানালা, দরজা ও অনান্য অসবাবপত্র ভাংচুর করে।

শিক্ষার্থীরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যাবহারের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অধ্যক্ষকে তার কক্ষ থেকে উদ্ধার করে।

অধ্যক্ষ রফিকুল ইসলাম বিডিনিউজ-এর কাছে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজের কিছু শিক্ষক শিক্ষার্থীদের তার বিরুদ্ধে সংগঠিত করে ঘটনার মোড় ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে।

শিক্ষক আব্দুর রশীদ ভূইয়ার সাথে ছাত্রদের বিরোধ ওইদিনই মেটানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।   

হামলাকারী ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহণ না করার বিষয়ে প্রশ্নে করা হলে তিনি বলেন, আমি ওই শিক্ষকের কাছ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

তাকে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখা এবং ভাংচুরের বিষয়ে পরে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।