২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাসতা থেকে গ্রেপ্তারকৃত বাংলাদেশী জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের ভারতীয় অংশে একটি ট্রলার থেকে ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর উদ্ধারকৃত ও পরবর্তীতে উড়িষ্যা রাজ্যের বালাশোরে একটি পুলিশ স্টেশনে আটক থাকা কয়েকজন বাংলাদেশী জেলেকে চলতি জানুয়ারি মাসের ২৫ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পুলিশের উদ্ধৃতি দিয়ে ভারতের স্টেটসম্যান পত্রিকা শনিবার জানায়, বুধবার থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ হওয়া মোঃ মঈন হাওলাদার (৩৫), আব্দুল রহিম হাওলাদার (২৫), হারুন সরদার (২৫) এবং মোঃ শহীদ হাওলদারের বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিকানালি গ্রামে। তাদের বিরুদ্ধে ভারতে ফরেনার্স অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছে।

বালাশোর জেলার বাসতা পুলিশ স্টেশনের একটি কক্ষে ওই চারজন জেলেকে রাখা হয়েছিল। তাদেরকে বাংলাদেশে হস্তান্তরের ব্যাপারে ইউনিয়ন হোম মিনিস্ট্রি ও বাংলাদেশ হাই কমিশনসহ বেশ কয়েকটি সংশ্লিষ্ট সংস্থা কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, জেলেদের নিখোঁজ হওয়ার ব্যাপারে তাদেরকে অবহিত করা হয়নি।

স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, চার জেলে ও ১০ ক্রুসহ একটি ট্রলার ২০০৫ সালের ১৬ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে বের হয়। গভীর সাগরে তাদের ট্রলার ডুবে যায়। পরবর্তীতে একটি পরিত্যক্ত নৌকা করে জেলেদের উদ্ধার করা হয়।

বাংলাদেশের কাছে হস্তান্তরের আনুষ্ঠানিকতা ঝুলে থাকায় চিকিৎসা দেয়ার পর উদ্ধারকৃতদের বাসতা পুলিশ স্টেশনে আশ্রয় দেওয়া হয় বলে স্টেটসম্যানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।