২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের উল্লেখযোগ্য উদ্ভাবন নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার দু’ যুগ পরেও এর উল্লেখযোগ্য কোনো উদ্ভাবন নেই ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন পরিচালক বোস প্রফেসর অধ্যাপক ড. মহতাশাম হোসেন বিডিনিউজকে বলেন, কেন্দ্রে এখনো খুব বড় কোনো আবিষ্কার হয়নি। তবে শিক্ষক, শিক্ষার্থীদের গবেষণার কাজে সহায়তা করে চলেছে এ কেন্দ্র।

কেন্দ্রের গবেষণা মূলত সৌরশক্তি, বায়ু - ইত্যাদি নবায়নযোগ্য শক্তি (রিনিউয়েবল এনার্জি) নিয়ে। এ কেন্দ্রের  সঙ্গেই ১৯৮৮ সালে স্থাপিত হয় এনার্জি পার্ক।

১৯৮১ সালে প্রতিষ্ঠার পর ২৪ বছরে কেন্দ্রের উদ্ভাবনের মধ্যে রয়েছে শুধুমাত্র সোলার ওয়াটার হিটার, সোলার কুকার, সোলার রেডিয়েশন নির্ণয়, শুটকি মাছ বানানোর জন্য টানেল তৈরি ইত্যাদি। এ সবই আবিস্কার হয় কেন্দ্রটি প্রতিষ্ঠার পর পরেই।

প্রতিষ্ঠার পরই বাংলাদেশে সৌরশক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হয়। সৌরশক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা ওয়াটার হিটারে ৭০ ডিগ্রি পর্যন্ত পানি গরম করা যায়।

সোলার কুকারে কোনো কিছু সিদ্ধ বা রান্না হতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা। আবার রান্না করার সময়ে যদি বৃষ্টিপাত হয়, তবে অল্প বিদ্যুত ব্যয়ে কিভাবে রান্নার কাজ শেষ করা যায়, তা - ও কেন্দ্রটি গবেষণা করে বের করেছে। শুধুমাত্র একটি কয়েল চুলায় দিয়ে অল্প বিদ্যুতেই রান্না শেষ করা সম্ভব।

বর্তমানে কেন্দ্রটি ইউনাইটেড নেশনস এনভারনমেন্ট প্রোগ্রাম’র (ইউএনইপি) অর্থায়নে সোলার অ্যান্ড উইন্ড এনার্জি রিসোর্স এসেসম্যান্ট নিয়ে কাজ করছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সৌর ও বায়ুশক্তি কি পরিমাণে আছে, সে বিষয়ে একটি ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে।

কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বিডিনিউজকে বলেন, ওই ডিজিটাল মানচিত্র দেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচণ করবে।

১৯৯১ - ৯২ অর্থবছর থেকে ২০০৫ - ০৬ পর্যন্ত নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের জন্য বরাদ্দ হয় ৪৭ লাখ ১২ হাজার টাকা।

এনার্জি পার্কের জন্য এ সময় ২১ লাখ ১২ হাজার ৮০০ টাকা বরাদ্দ হয়।

তবে বরাদ্দের মূল অংশ কর্মকর্তা, কর্মচারিদের বেতন - ভাতা খাতেই খরচ হয়ে যায়।

অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক বলেন, প্রয়োজনের তুলনায় বরাদ্দ একেবারেই অপ্রতুল। তারপরেও গবেষণা কার্যক্রম চলছে।

তিনি জানান, আগামী মার্চ মাসে এনার্জি পার্কে নবায়নযোগ্য শক্তি বিষয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

নিমচন্দ্র ভৌমিক এই কেন্দ্রেই থিসিস করেছেন। এছাড়াও এ কেন্দ্রে ফিল্ড রিসার্চ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আলম খান এবং ড. আনোয়ার আলম খান। পদার্থ বিজ্ঞান, রসায়ন, ফলিত পদার্থ বিজ্ঞানসহ অনেক শিক্ষার্থীকে মাস্টার্সের থিসিসের কাজে এখানে ফিল্ড ওয়ার্ক করতে হয়।