২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে এসেছে কানসাটের ‘নিহত’ মনিরুল, প্রকৃত নিহত ব্যক্তি আনারুল

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পুলিশের গুলিতে ‘নিহত’ মনিরুল চৌধুরী বৃহস্পতিবার জীবিত ফিরে এসেছেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তাকে দেখতে শত শত নারী পুরুষের ঢল নামে। সকলকে এক নজর দেখার সুযোগ করে দেয়ার জন্যে তাকে নিয়ে যাওয়া হয় চাতরা মাদ্রাসা মাঠে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 09:59 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

আসলে মনিরুল চৌধুরী বলে পুলিশের গুলিতে নিহত যে ব্যক্তিকে দাফন করা হয় সে শিবগঞ্জের দায় পুকুরিয়া ইউনিয়নের কর্ণখালি দক্ষিণপাড়ার আনারুল ইসলাম (২২)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কথিত নিহত মনিরুল চৌধুরী এলাকায় ফিরে আসেন।

ঘটনার সময় সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ কাষ্টমস করিডোরে একটি হোটেলে কর্মরত ছিলেন। তিনি আসলে এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানতেন না। তিনি শুনেছেন তার এলাকায় পুলিশের গুলিতে লোক মারা গেছে। কিন্তু তার স্ত্রী ও আত্মীয় স্বজনের কাছে তিনি যে মৃত বলে স্থান পেয়েছেন তা তিনি বুঝতেও পারেননি।

মনিরুলের বাড়িতে গিয়ে দেখা যায় নাকফুল খুলে ফেলা তার স্ত্রী বিউটি স্বামীকে ফিরে পাওয়ার আনন্দে উদ্বেলিত। পরিবারে ফিরে এসেছে প্রাণস্পন্দন।

অন্যদিকে প্রকৃত নিহত আনারুলের পিতা ইদ্রিস আলী জানান, তার ছেলে সোমবার সকালে শিবগঞ্জের টিকরি দড়িরচক এলকায় মামার বাড়ি বেড়াতে আসেন। কয়েকদিন ধরে ফিরে না আসায় খোঁজ নিতে গিয়ে জানতে পারেন কানসাটের আব্বাস বাজারে মামাতো বোন সায়েরা খাতুন স্বামী হুমায়নের বাড়ি বেড়াতে গেছেন। এখানে না পেয়ে খোঁজ খবর করার সময় শুক্রবার সকালে ইউপি সদস্য জালালের কাছে জানতে পারেন যে, নিহত মনিরুল চৌধুরী আসলে মনিরুল চৌধুরী নয়। সেখানে গিয়ে জামা--কাপড়, জ্যাকেট ও স্যান্ডেল দেখে সনাক্ত করেন নিহত ব্যক্তি তার ছেলে আনারুল।

বিকেলে তিনি এ প্রতিনিধিকে জানান এখনও আনারুলের মাকে ছেলের মৃত্যুর খবর জানাতে পারেননি। আর কিছু না বলে মাথায় হাত দিয়ে নির্বাক হয়ে যান তিনি এবং কোনও কথা বলতে চান না।