২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও জয়পুরহাটে জেএমবি’র ৩ এহসার সদস্য গ্রেপ্তার

বাগেরহাট এবং জয়পুরহাট থেকে শুক্রবার পুলিশ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)- এর তিন এহসার (আত্মঘাতী) সদস্যকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পুলিশ জানায়, গাজীপুর জেলা আদালত প্রাঙ্গনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আটক জেএমবি কমান্ডার এনায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের একটি দল শুক্রবার ভোর রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রাম থেকে আত্মঘাতী বোমা হামলাকারী এহসার সদস্য শহিদুল ইসলাম ওরফে পলাশ ওরফে ইমন (২২) ও নূর আলমকে (২৩) আটক করে। আটককৃত দুই এহসার সদস্য গত ১২ ডিসেম্বর গাজীপুর আদালত প্রাঙ্গনে আত্মঘাতী বোমা হামলা চালায়।

বাগেরহাট গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে জয়পুরহাট সদরের দক্ষিণ কোমর গ্রাম থেকে শুক্রবার পুলিশ মিজানুর রহমান কাওসার নামে জেএমবি’র একজন ‘এহসার’ (আত্মঘাতী) সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল আজাদ চৌধূরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের দক্ষিণ কোমর গ্রামের আমিনুর রহমানের ছেলে মিজানুর রহমান কাওসার নামের জেএমবি’র এই আত্মঘাতী সদস্যকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটক মিজান জেএমবি’র তালিকাভূক্ত সদস্য বলে পুলিশ দাবি করেছে।

গত ১৭ আগস্ট বোমা হামলার ঘটনার পর থেকে এ পর্যন্ত জেএমবি’র তিন এহসার সদস্যসহ জেলায় মোট ৬১ জনকে পুলিশ ও র‌্যাব গ্রেপ্তার  করেছে।