সমান সুযোগ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বিজয়ীকে বৈধতা দেবে: রোকা
বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে ‘সংকটজনক’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সফর সমাপ্তির প্রক্কালে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা বলেছেন, সমান সুযোগ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হলেই কেবল বিজয়ীকে বৈধতা দেবে।
শুক্রবার আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্যে কেবল নির্বাচনই সবকিছু নয়। আমরা হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচির পরিবর্তে তর্ক বিতর্কের জন্যে বিরেধী দলকে সংসদে দেখতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশ তার গণতান্ত্রিক ঐতিহ্যে গর্ব বোধ করতে পারে। কিন্তু সেই ঐতিহ্য ধরে রাখতে ধারাবাহিকতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বহুল আলোচিত সন্ত্রাসবাদ সম্পর্কে রোকা বলেন, বাংলাদেশ এখন কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন। আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকল দলের ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন।
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কথা উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদ মোকাবেলাকে সবেচে’ জরুরী চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। এ ব্যাপারে তিনি বলেন, আমরা দেখতে চাই যে, সরকার জঙ্গিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনেছে। এক্ষেত্রে আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তা দিতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার কাঠামো নির্ধারণ, আসন্ন নির্বাচন, জামায়াতের সাথে জেএমবি’র যোগসূত্র ও মানবাধিকার সম্পর্কিত সাংবাদিকদের বহু প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। তবে তিনি ঘুরে ফিরে কেবল তার লিখিত বক্তব্যের মধ্যেই আবদ্ধ ছিলেন।
