পল্লবীর রিফিউজি ক্যাম্পে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪
মিরপুরের পল্লবী রিফিউজি ক্যাম্পে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মহিলা ও শিশুসহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছেন, সালমা (২২), তার কন্যা রিয়া (৩) এবং সালামার দুই ভাই সেলিম (৩২) ও কলিম (২০)।
পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, জ্বলন্ত মশার কয়েল বা বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা পার্শ্ববর্তী আরও ১০টি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যান্য বাড়ির লোকেরা রক্ষা পেলেও গৃহবধু সালামার বাসার সবাই গভীর ঘুমে আছন্ন থাকায় তারা কেউই আগুনের হাত থেকে রেহাই পাননি।
এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে সালমা ও তার পরিবারের অপর সদস্যরা রাত সাড়ে ১২টায় বাসায় ফিরে আসেন। রাতে দেরি করে ঘুমাতে যাওয়ায় তারা আগুন লাগার সময় টের পাননি। আর কারণেই আগুন থেকে তারা রক্ষা পাননি।
ময়না তদন্তের জন্যে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
