পুলিশের গুলি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনির্দিষ্টকালের হরতাল শুরু
জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে সোমবার পুলিশের গুলিতে আটজন নিহত হওয়ার প্রতিবাদে ওই উপজেলায় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের হরতাল শুরু হয়।
হত্যাকান্ডের বিচার ছাড়াও পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটি আহুত এই হরতাল থেকে পুলিশের হাতে
গ্রেফতারকৃত কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানীসহ তিন নেতার মুক্তির দাবিও জানানো হয়।
সকাল থেকেই এলাকার সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকে।
হরতালের সমর্থনে শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার পথে পথে মিছিল করে। নৃশংস ওই হত্যাকান্ডের পাঁচ দিন পেরুলেও এলাকায় এখনও বিরাজ করছে চরম উত্তেজনা।
বিক্ষুব্ধ এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ - সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজার এলাকায় একটি কালভার্ট ভেঙ্গে ফেলায় এবং সড়কে গাছ ফেলে অবরোধ করায় পাঁচ দিন ধরে সোনামসজিদ স্থল বন্দরের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে আমদানিকৃত শত শত পণ্য বোঝাই ট্রাক স্থলবন্দরে আটকা পড়েছে।
গত ২৩ জানুয়ারি কানসাট এলাকায় বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলিবর্ষনে কমপক্ষে ৮ জন নিহত ও শতাধিক আহত হয়।
পল্লী বিদ্যুতের ন্যুনতম মিটার চার্জ প্রত্যাহার, সেচ কাজের সময় লোডশেডিং বন্ধসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত পুলিশের উপর গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়। পরে হাসপাতালে গুলিবিদ্ধ আরও দুইজন মারা যায়।
এর আগে গত ৪ জানুয়ারি, একই দাবিতে আন্দোলনরত এলাকাবাসীর উপর পুলিশের গুলিতে দুইজন নিহত হয়।
