বগুড়ায় ট্রাকের ধাক্কায় উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা নিহত
বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় বুধবার রাতে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আবদুল মজিদ (৪৮) নিহত ও আলমগীর নামে এক ব্যবসায়ী আহত হয়েছে।
নিহত আবদুল মজিদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভাঙ্গি গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
তিনি স্বপরিবারে বগুড়ার কামারগাড়ী এলাকায় সুগন্ধা এপার্টমেন্টে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ কর্মস্থল শিবগঞ্জ থেকে আবদুল মজিদ বুধবার বিকেলে ধানের চাতাল ব্যবসায়ী আলমগীরের মোটর সাইকেলযোগে বগুড়া শহরে ফিরছিলেন। সন্ধ্যায় তারা গোদারপাড়ায় পৌঁছলে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর গুরতর আহত অবস্থায় মজিদকে মোহাম্মদ আলী হাসপাতাল ও আলমগীরকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হলে আবদুল মজিদ মারা যান।
বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
