ঘাতক শক্তির মদদদাতা সরকারকে ক্ষমতাচ্যুত করুন : হাসিনা
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সাবেক অর্থমন্ত্রী, আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংসদ সদস্য শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের এক বছর পরও কোন বিচারানুষ্ঠান করতে না পারায় সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন।
শেখ হাসিনা শাহ এএমএস কিবরিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশের জনগনের প্রতি ঘাতক শক্তির মদদদাতা সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশকে নিরাপদ বাসভূমিতে পরিণত করার উদাত্ত আহবান জানান।
বৃহস্পতিবারে এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগের অন্যতম জনপ্রিয় নেতাকর্মীদের হত্যা করার পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবেই এই গ্রেনেড হামলা চালানো হয়।
বিরোধী দলীয় নেত্রী বলেন, ২০০১ সালে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসেই সংখ্যালঘু এবং আওয়ামী নেতা-কর্মী এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যেভাবে হত্যা করে ও নিপীড়ন নির্যাতন চালায় তা কল্পনাতীত।
২১ আগস্ট, ২০০৪ পল্টন ময়দানে আওয়ামীলীগের জনসভায় বোমা হামলা করে তার প্রাণনাশের চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের এই পরিকল্পিত হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়।
শেখ হাসিনা বলেন, বর্তমান জোট সরকার দূর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত এবং অবাধে লুটপাট চালাচ্ছে। তিনি বলেন, দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্র্থ এই সরকার।
