মুন্সীগঞ্জে স্কুলে বোমা বিস্ফোরণ, ৩ শিক্ষার্থী আহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে মঙ্গলবার সকালে সমষপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর কক্ষে বোমা বিস্ফোরনে তিন শিক্ষার্থী আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে স্কুলে পিটি চলাকালীন সময়ে প্রচণ্ড শব্দে বোমাটি বিস্ফোরিত হয় এবং চারদিক ধোয়ায় অন্ধকার হয়ে যায়। এসময় ২য় তলায় কলেজের পরীক্ষা চলছিল। কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে উক্ত কক্ষ থেকে আহত সুমন ও নাঈম নামের দুই ছাত্রকে উদ্ধার করে। এ ছাড়া দরজার বাইরে থাকা ১০ম শ্রেণীর ছাত্রী উর্মিও সামান্য আহত হয়।
পুলিশের ধারণা, বোমাটি আহত সুমন বহন করছিল। সুমনের পেটের কাছে অনেকাংশই পুড়ে গেছে।
শ্রীনগর থানার ওসি নুর হোসেন জানায়, এঘটনার সাথে কোন জঙ্গি তৎপরতা যুক্ত কিনা সে বিষয়ে তারা এখনও কিছু জানেন না। তবে এ ব্যাপারে খোঁজ খবর করা হচ্ছে।
