কলকাতায় শায়খ রহমান গ্রেপ্তার: পশ্চিমবঙ্গ আইজিপির ঘোষণা
পশ্চিমবঙ্গ পুলিশের আইজি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমানকে গ্রেপ্তার করার কথা ঘোষণা করেছেন। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে আইজিপি রাজ কানোজিয়া বলেন, সীমান্ত এলাকা জরাগাছায় এক বিয়ের অনুষ্ঠান থেকে শায়খ রহমানকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা খবরটি গোপন রেখেছিলাম।
আইজিপি সাংবাদিকদের জানান, বাংলাদেশে ১৭ আগস্ট একযোগে ৬৩ জেলায় বোমা হামলার পর শায়খ রহমান কয়েক সপ্তাহ আগে সীমান্ত পাড়ি দিয়ে তার এক আতœীয়র বাসায় আশ্রয় নেয়।
জঙ্গি ওই নেতাকে তার আতœীয়সহ রোববার গ্রেপ্তার করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে কলকাতা পুলিশ গ্রেপ্তারের পর শায়খ রহমানকে সোমবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। শায়েখ রহমানকে গ্রেপ্তারের জন্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।
পুলিশ সুপার নিরাজ সিং জানান, তাকে বুধবার আবার আদালতে নেয়া হবে।
যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আফগান যুদ্ধফেরত শায়খ আবদুর রহমানের গ্রেপ্তারের বিষয়ে বাংলাদেশ সরকারকে এখনও কিছুই জানায়নি।
কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন শায়খ আবদুর রহমানের পরিচয় নিশ্চিত করতে ইতোমধ্যেই ভারতীয় সরকারের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে।
কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সালেহ শিবলী বিডিনিউজকে জানান, ‘আমরা এ ব্যাপারে ভারতীয় সরকারের ইতিবাচক জবাব আশা করছি।’
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ঢাকায় সাংবাদিকদের বলেন, তিনি একটি বিদেশী সংবাদ সংস্থার খবর থেকে শায়খ আবদুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছেন।
ওই খবরটির বরাত দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গ পুলিশ আবদুর রহমানের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই তা প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বন্দিবিনিময় চুক্তি না থাকলেও বাংলাদেশ সরকার আশা করছে, ভারত সরকার শায়খ আবদুর রহমানকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।
